দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬০/৪৩-আর সংলগ্ন এলাকা থেকে হায়াতুর কাজী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি নড়াইল সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির দাবি। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, মাধবখালী বিওপির সদস্যরা ধোপাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬৭ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
এছাড়া উথলী বিওপির অভিযানে ধুপাখালী মাঠপাড়া এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় সিরাপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। একই দিনে মাধবখালী, কুসুমপুর ও যাদবপুর বিওপির পৃথক অভিযানে আরও ১১১ বোতল ভারতীয় মদ এবং ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা মাদক ও চোরাই মালামাল বিজিবির মালখানায় সংরক্ষণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো ধ্বংস করা হবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জে আই